


ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসিবি এলাকায় নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করে তিনি এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন এবং তাদের বিভিন্ন দাবি শুনেছেন। একই সঙ্গে বিএনপি সরকারে গেলে স্থানীয় উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি তিনি দেবেন, তাও ব্যক্ত করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজকে যেহেতু এটি একটি পথসভা, তাই আমি দীর্ঘ বক্তব্য দেবো না, যাতে মানুষের চলাচলে সমস্যা না হয়।” তিনি আরও উল্লেখ করেন, “আমি এই এলাকার সন্তান। এখানেই জন্মেছি, বড় হয়েছি। আমার এবং আমার ভাইয়ের সন্তানেরাও এখানেই জন্মগ্রহণ করেছে। তাই এলাকার মানুষের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি।”
তারেক রহমান নিজস্ব নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ঢাকাসহ সমগ্র বাংলাদেশকে একটি নিরাপদ শহরে রূপান্তর করার লক্ষ্য রয়েছে। যেখানে নারীরা যে কোনো সময় নিরাপদে চলাচল করতে পারবে এবং সবাই সুরক্ষিত পরিবেশে ব্যবসা-বাণিজ্য ও চাকরি করতে পারবে। তিনি আরও যোগ করেন, “আমরা এমন শহর গড়ে তুলতে চাই, যেখানে মানুষ বুক ভরে শ্বাস নিতে পারবে।”
এলাকাবাসীর দাবি অনুযায়ী তারেক রহমান জানান, বর্তমানে এই এলাকায় পর্যাপ্ত খেলার মাঠ নেই। তাই বিএনপি ক্ষমতায় এলে শুধু এই এলাকা নয়, পুরো ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। এতে শিশু-কিশোররা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে এবং পরিবার ও প্রতিবেশিরা নিরাপদভাবে হাঁটাহাঁটি করতে পারবে।
এছাড়াও ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার দাবি থাকায় তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় এলে এই রাস্তার সম্প্রসারণের কাজ শুরু করা হবে, যাতে মানুষ নিরাপদ ও সহজে চলাচল করতে পারে।”