


ঢাকা বিশ্ববিদ্যালয়ে র থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমো র রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী কে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৬ এপ্রিল) মিমোর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে রাজধানীর বাড্ডা এলাকার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে। এছাড়া মিমোর মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন কথোপকথনের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকৃত চিরকুটে তিনি তার শিক্ষক সুদীপ চক্রবর্তী এবং এক সহপাঠীর নাম উল্লেখ করে তাদের “ভালো থাকার” কথা লিখে গেছেন।
বাড্ডা থানা -র ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাসীরুল আমিন জানান, মিমোর বাবা তার মেয়ের মোবাইল ফোন পরীক্ষা করে সংশ্লিষ্ট শিক্ষকের সঙ্গে গভীর রাতে নিয়মিত কথোপকথনের প্রমাণ পেয়েছেন। এসব তথ্যের ভিত্তিতেই মামলা দায়ের করা হয়।
ঢাকা মহানগর পুলিশ -এর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদ বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চিরকুট ও মোবাইলের তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতের চেষ্টা চলছে।
এদিকে বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানেই অন্যান্য শিক্ষকদের সঙ্গে উপস্থিত থাকা অবস্থায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়। তিনি মিমোকে মেধাবী ও চঞ্চল শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল -এর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সহপাঠী ও বিশ্ববিদ্যালয় পরিবারে শোক ও উদ্বেগ বিরাজ করছে।