Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বিএনপি নেতার সঙ্গে মারামারি করা নারী শিক্ষক নন, এমপিও প্রদর্শক-সাময়িক বরখাস্ত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা নারী শিক্ষক নন, এমপিও প্রদর্শক-সাময়িক বরখাস্ত

April 26, 2026 08:15:10 PM   অনলাইন ডেস্ক
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা নারী শিক্ষক নন, এমপিও প্রদর্শক-সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতির ঘটনায় আলোচিত আলেয়া খাতুন হীরা আসলে কোনো শিক্ষক নন বলে জানিয়েছে শিক্ষা প্রশাসন। তিনি মূলত এমপিওভুক্ত ডেমোনেস্ট্রেটর বা ল্যাবরেটরি প্রদর্শক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজ পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাটি তদন্তের স্বার্থে আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ঘটনার বিস্তারিত তদন্ত করবে।

অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আলেয়া খাতুন হীরা সরকারি শিক্ষক নন এবং তাকে শিক্ষক হিসেবে উপস্থাপন করা ভুল তথ্য। তিনি মূলত এমপিওভুক্ত ডেমোনেস্ট্রেটর, যিনি ল্যাবরেটরিতে প্রদর্শনমূলক কাজ করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট প্রদর্শকের কাছ থেকেও ঘটনার বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার দাওকান্দি সরকারি কলেজে আলেয়া খাতুন হীরা ও স্থানীয় এক বিএনপি নেতার মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এরপরই শিক্ষা অধিদপ্তর তদন্তে নামে।

এ ঘটনায় প্রশাসনিক তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।