Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

January 23, 2026 12:39:02 PM   অনলাইন ডেস্ক
তিন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকালে ঢাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থার বিশ্লেষণে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।