Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / নিখোঁজ নারী তেঁতুল গাছের মগডালে, ফায়ার সার্ভিস পৌঁছাতেই পুকুরে লাফ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিখোঁজ নারী তেঁতুল গাছের মগডালে, ফায়ার সার্ভিস পৌঁছাতেই পুকুরে লাফ

May 06, 2026 03:58:53 PM   অনলাইন ডেস্ক
নিখোঁজ নারী তেঁতুল গাছের মগডালে, ফায়ার সার্ভিস পৌঁছাতেই পুকুরে লাফ

কুড়িগ্রামে নিখোঁজ এক নারীকে বাড়ির পাশের তেঁতুল গাছের মগডালে বসে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ তিনি গাছ থেকে পাশের পুকুরে লাফ দেন। শেষ পর্যন্ত তাকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবার (৬ মে) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার গোড়াই আনন্দবাজার এলাকায় এ অস্বাভাবিক ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া ওই নারীর নাম সাজেদা বেগম (৬০)। তিনি স্থানীয় বাসিন্দা মো. আবু সাঈদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই সাজেদা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা ও এলাকাবাসী আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি বড় তেঁতুল গাছের মগডালে তাকে দেখতে পান তারা। সেখানে তিনি কখনো বসে, কখনো শুয়ে ছিলেন-যা দেখে এলাকাজুড়ে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়।

খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে প্রাথমিকভাবে পরিবারের আপত্তির কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এনামুল হক।

এ সময় হঠাৎ করেই সাজেদা বেগম গাছের ওপর থেকে পাশের পুকুরে লাফ দেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করেন এবং নিরাপদে তীরে নিয়ে আসেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেন তিনি গাছে উঠেছিলেন এবং এমন আচরণ করেছেন, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।