


শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২৩ দিন পর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে একটি পুরাতন কবর থেকে। নিহত মন্টু বেপারী ওরফে মনু বেপারী (৬০) চরচটাং গ্রামের বাসিন্দা।
সোমবার দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চরচটাং এলাকায় স্থানীয় হাসেম মাদবরের কবর খুঁড়ে মরদেহটি উদ্ধার করেন স্বজন ও এলাকাবাসী। পরে খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ থেকে নিখোঁজ ছিলেন মনু বেপারী। এ ঘটনায় তার বোন মিনারা বেগম থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুরনো কবরের মাটি অস্বাভাবিকভাবে উঁচু দেখে সন্দেহ হয় স্বজনদের। পরে মাটি খুঁড়ে গামছা ও চাদরে মোড়ানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ডিভোর্স ও অর্থসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন স্বজনরা।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।