


পিরোজপুরের নেছারাবাদে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট’। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে স্বরূপকাঠি পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, নেছারাবাদ উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ ও স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আতিকুল ইসলাম লিটু।
বক্তারা নেছারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের সার্বিক সফলতা কামনা করে বলেন, এই প্রতিষ্ঠান থেকে আগামীর শিক্ষিত ও সচেতন জাতি গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. জাহিদুল ইসলাম বলেন, ‘উপজেলায় একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। অনেক প্রতিকূলতা অতিক্রম করে আজ এটি উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। ইতোমধ্যে অভিজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কার্যক্রম চালু করা হয়েছে এবং আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। আমি যেখানেই থাকি, এখানকার অগ্রগতির নিয়মিত খোঁজখবর রাখব। স্বরূপকাঠিতে আধুনিক শিক্ষার মানদণ্ড হিসেবে এই প্রতিষ্ঠান কাজ করবে বলে আমি বিশ্বাস করি।’
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।