Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নতুন ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নতুন ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

February 06, 2026 11:53:26 PM   অনলাইন ডেস্ক
নতুন ঘোষণার মধ্য দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ

শাহবাগে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর নতুন ঘোষণা দিয়ে এলাকা ছেড়েছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ ত্যাগ করেন।


এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী কর্মীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান সংগঠনটির এক নেতা। তিনি বলেন, আগামীকাল সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলী।


এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, আওয়ামী লীগের কর্মীরা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া ব্যাহত করার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সবাইকে নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়।


বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এর আগে ও পরে থেমে থেমে কয়েক দফা সংঘর্ষ হয়।


এরও আগে দুপুরের পর শরিফ ওসমান বিন হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।


পরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা সেখান থেকে যাত্রা শুরু করলে ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চেষ্টা করেন। তখন পুলিশ আবারও বাধা দেয় এবং জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করলে সেখানেও পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।


দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর রাতে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা জানিয়ে শাহবাগ এলাকা ত্যাগ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।