


নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টানা তিন দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এই ছুটি কার্যকর থাকবে।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ. বি. এম. আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন ও গণভোটের দিন হিসেবে ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধ ও বৃহস্পতিবার সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রুলস অব বিজনেস ১৯৯৬ (এপ্রিল ১৭ পর্যন্ত সংশোধিত) এর তফসিল-১ এ জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুসারে এ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটি সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস-প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সরকার জানিয়েছে, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই এই তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।