


নির্বাচন উপলক্ষে চার দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) থাকায় শিক্ষার্থীরা টানা চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাবেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী সময়ে কার্যক্রম পুনরায় শুরু হবে।