


নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি সরকার এখন নতুন এক ‘যুদ্ধ’ শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন নিশ্চিত এবং নিরাপদ ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই সরকার কাজ করছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
শনিবার (৯ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপি জনগণকে যে অঙ্গীকার করেছিল, এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সময় এসেছে। তিনি উল্লেখ করেন, সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় যেখানে মানুষ সুশাসন পাবে, শিক্ষার অনুকূল পরিবেশ থাকবে এবং নারী-পুরুষ সবাই নিরাপদে চলাচল করতে পারবেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক মতভেদ ও বিতর্ক গণতন্ত্রের অংশ হলেও কোনোভাবেই মানুষের ওপর নির্যাতন বা ভয়ভীতির পরিবেশ তৈরি হতে দেওয়া হবে না। তার ভাষায়, “এখন আমাদের যুদ্ধ হচ্ছে মানুষের কাছে দেওয়া কমিটমেন্ট বাস্তবায়নের যুদ্ধ।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচন ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জপূর্ণ। তিনি দাবি করেন, নির্বাচনে বিএনপির নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেছেন এবং জনগণ দলটির ইশতেহারের প্রতি সমর্থন জানিয়েছে।
তারেক রহমান বলেন, “নির্বাচনের আগে এটি ছিল বিএনপির ইশতেহার, কিন্তু নির্বাচনের পর এটি বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে।” তিনি দাবি করেন, দেশের ৫২ শতাংশ মানুষ বিএনপির ইশতেহারের পক্ষে সমর্থন দিয়েছে।
এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নির্বাচনের পর সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা। আর সে কাজে দলীয় নেতাকর্মীদের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয়।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা, সুশাসনের প্রতিশ্রুতি এবং দলীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।