Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / নাসীরুদ্দীনের উপস্থিতিতে হট্টগোলে ভাঙল মসজিদের গ্লাস! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নাসীরুদ্দীনের উপস্থিতিতে হট্টগোলে ভাঙল মসজিদের গ্লাস!

May 08, 2026 06:39:18 PM   অনলাইন ডেস্ক
নাসীরুদ্দীনের উপস্থিতিতে হট্টগোলে ভাঙল মসজিদের গ্লাস!

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর সিটি কবরস্থান জামে মসজিদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর উপস্থিতিকে কেন্দ্র করে অনুসারীদের হুড়োহুড়িতে মসজিদের ফটকের গ্লাস ভেঙে অন্তত পাঁচজন মুসল্লি আহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। ঘটনার পর মসজিদের মেঝেতে রক্তের দাগ দেখা যায়। যদিও তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ওই মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজের খুতবার আগে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। এ সময় তাকে ঘিরে বিপুল সংখ্যক অনুসারী ও সাধারণ মুসল্লির উপস্থিতি দেখা যায়।

মুসল্লিদের অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর অনুসারীদের মধ্যে শৃঙ্খলার অভাব ছিল। তারা মসজিদের ভেতরেই স্লোগান দিতে থাকেন। পরে নামাজ শেষে বের হওয়ার সময় ধাক্কাধাক্কি শুরু হলে মসজিদের ফটকের গ্লাস ভেঙে যায়। ভাঙা গ্লাসের আঘাতে কয়েকজন মুসল্লির হাত-পা কেটে যায়।

আল-আমিন নামে এক মুসল্লি বলেন, “তার সঙ্গে যারা এসেছিলেন তারা অনেক উচ্ছৃঙ্খল আচরণ করেছেন। মসজিদের ভেতরেই হুড়োহুড়ি হয়েছে। পরে গ্লাস ভেঙে অনেকের গায়ে পড়ে আহত হন কয়েকজন।”

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান বলেন, মসজিদের ভেতরে চাপ কমানোর চেষ্টা করা হলেও অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। মানুষের চাপে গেটে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়।

তিনি আরও জানান, ঘটনার পর দলের দায়িত্বশীলরা মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। ভেঙে যাওয়া গ্লাস পুনঃস্থাপন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এনসিপি।