


মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করে বিষয়টি প্রকাশ করেন তিনি। ওই অডিওতে শোনা যায়, একটি বিদেশি নম্বর থেকে ফোন করে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

পরীমনির দাবি, হঠাৎ করেই ওই নম্বর থেকে ফোনটি আসে। কল রিসিভ করার পরপরই অন্য প্রান্ত থেকে তাকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলা শুরু হয়। কথোপকথনের এক পর্যায়ে বিষয়টি আরও ভয়ংকর রূপ নেয় এবং তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে পরীমনি বলেন, ফোন করা ব্যক্তি ভোটসংক্রান্ত কিছু কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন বা ভোট নিয়ে কোনো পোস্ট বা শেয়ার না করার জন্য তাকে চাপ দেন। তিনি জানান, বিষয়টি না মানলে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনায় তিনি আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন। তার ভাষ্য, এ ধরনের হুমকি সম্পর্কে সবাইকে জানানো প্রয়োজন, যাতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন পরীমনি।
উল্লেখ্য, পরীমনি অভিনীত একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘গোলাপ’ শিরোনামের একটি ছবিতে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয়ের কথা রয়েছে