


সম্প্রতি অনেক ফেসবুক ব্যবহারকারী তাদের নিউজফিড ও নোটিফিকেশনে ভোট এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বার্তা দেখতে পাচ্ছেন। এতে অনেকে বিভ্রান্ত হলেও ফেসবুক জানিয়েছে, এটি তাদের একটি বৈশ্বিক ফিচারের অংশ। প্রতিষ্ঠানটির হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের ভোট ও নির্বাচন সম্পর্কিত নোটিফিকেশন পাঠানো হয়। এসব বার্তার মাধ্যমে ভোটাররা ভোটার নিবন্ধন, ভোটের তারিখ এবং ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে তথ্য পান এবং সময়মতো স্মরণ করানো হয়।
যাহোক, ফেসবুক ব্যবহারকারীরা চাইলে নিজেরাই এই নোটিফিকেশন নিয়ন্ত্রণ করতে পারেন। নোটিফিকেশন সেটিংসে থাকা ‘ভোটিং রিমাইন্ডার’ অপশন থেকে প্রয়োজন অনুযায়ী এসব বার্তা চালু বা বন্ধ করা সম্ভব। যদি কেউ ভোটিং রিমাইন্ডার বন্ধ করে দেন, তবে ফেসবুক থেকে ভোটার নিবন্ধন, ভোট প্রদানের নির্দেশনা বা নির্বাচন সংক্রান্ত কোনো নোটিফিকেশন আর পাওয়া যাবে না। আবার চাইলে পরে সেটিংস পরিবর্তন করে এই ফিচারটি পুনরায় চালু করা যায়।
ভোটিং এবং নির্বাচন সংক্রান্ত নোটিফিকেশন চালু বা বন্ধ করার জন্য ফেসবুকের নির্দেশনা অনুসারে প্রথমে ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটে ডান পাশে উপরের কোণে নিজের প্রোফাইল ছবিতে ক্লিক করতে হয়। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’-এ গিয়ে বাম পাশের মেনু থেকে ‘Notifications’ অপশনটি নির্বাচন করতে হবে। নিচে স্ক্রল করে ‘Voting Reminders’ অপশনটি খুঁজে ড্রপডাউন মেনু থেকে ‘On’ বা ‘Off’ বেছে নেওয়া যায়।
যেসব অঞ্চলে সুবিধাটি প্রযোজ্য, সেখানে ‘Local Voting Alerts’ অপশনও আলাদাভাবে চালু বা বন্ধ করা সম্ভব। এছাড়া ভোটিং রিমাইন্ডার সেটিংসের নিচে ব্যবহারকারীরা ঠিকানা যুক্ত করার সুযোগ পাবেন। ঠিকানা দিলে স্থানীয় পর্যায়ের নির্বাচন সংক্রান্ত আরও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়। তবে ঠিকানা দেওয়া সম্পূর্ণ ঐচ্ছিক এবং এটি অন্য কোনো ফেসবুক ব্যবহারকারীর কাছে দৃশ্যমান হয় না।
ফেসবুক আরও জানিয়েছে, নির্বাচন সংক্রান্ত তথ্য দেখানোর ক্ষেত্রে অবস্থান সংক্রান্ত তথ্য কিভাবে ব্যবহার করা হয়, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তাদের সহায়তা কেন্দ্রে পাওয়া যায়।