


পাবনা প্রতিনিধি:
পাবনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১১টায় পাবনা শহরের মুক্তিযোদ্ধা মার্কেট সংলগ্ন ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব কার্যালয়ে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
প্রেসক্লাব পাবনার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার শফিউল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার বিলচলনী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।
বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সাত্তার তার বক্তব্যে বলেন, প্রেসক্লাব শুধু সাংবাদিকদের একটি সংগঠন নয়, এটি সমাজের বিবেক। এখান থেকে যে কলম চলে, তা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এবং সত্যকে প্রতিষ্ঠিত করে। বর্তমান সময়ে ভুয়া তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে লড়তে সাংবাদিকদের আরও সতর্ক ও পেশাদার হতে হবে।
দৈনিক এ যুগের দীপ সম্পাদক ওমর সরকার বলেন, আজকের বিশ্বে তথ্যই শক্তি। সেই তথ্যকে সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সাংবাদিকদের। এই অবস্থান ধরে রাখতে হলে তরুণ সাংবাদিকদের সাহস, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক জীবনকথা সম্পাদক অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ। সভায় আরও বক্তব্য রাখেন পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালক ডা. তন্ময় প্রকাশ বিশ্বাস, পলাশ একাডেমির অধ্যক্ষ রফিকুল ইসলাম পলাশ, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. ইদ্রিস আলম, বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বেলাল এবং ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার অপারেশন বেলাল হোসেন।
এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাশেম, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক সেলিম মাহমুদ এবং কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মোমিনসহ জেলায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শফিউল আলম দুলাল বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাবনা প্রেসক্লাব আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।