Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সাহিত্য / বাংলা একাডেমি জানালো, একুশে বইমেলা কবে শুরু হবে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলা একাডেমি জানালো, একুশে বইমেলা কবে শুরু হবে

February 05, 2026 08:12:08 PM   অনলাইন ডেস্ক
বাংলা একাডেমি জানালো, একুশে বইমেলা কবে শুরু হবে

বাংলা একাডেমি জানিয়েছে, অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হবে। ভাষা শহীদদের স্মরণে প্রতি বছর ফেব্রুয়ারি মাসজুড়ে অনুষ্ঠিত এই মেলার পহেলা ফেব্রুয়ারি শুরু হওয়ার প্রথা থাকলেও, বাস্তবিক কারণে এবারের মেলা কিছুটা দেরিতে শুরু হচ্ছে।


আজ বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরি সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা। তিনি বলেন, “মাসব্যাপী বইমেলা আমাদের সংস্কৃতির ঐতিহ্যের অপরিহার্য অংশ। তবে এবারের মেলার সময়সূচি অন্যান্য বছরের মতো পহেলা ফেব্রুয়ারিতে রাখা সম্ভব হয়নি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে।”


ড. সেলিম রেজা আরও জানান, প্রকাশকদের দাবির প্রেক্ষিতে স্টলভাড়া গত বছরের তুলনায় ২৫ শতাংশ কমানো হয়েছে। ইতিমধ্যেই মেলার সকল আয়োজন সম্পন্ন হয়েছে। সরকার থেকে সোহরাওয়ার্দী উদ্যানের বরাদ্দ পাওয়া গেছে এবং স্টল নির্মাণ কাজ চলমান। এছাড়া বইমেলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোও চূড়ান্ত করা হয়েছে।


স্টল বরাদ্দ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, গত বছর মেলায় অংশ নেওয়া ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ৫৩টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দের জন্য আবেদন করেছে। তবে স্থান সংকুলানের কারণে শেষ পর্যন্ত গত বছরের ৫২৭টি প্রতিষ্ঠান এবং নতুন ২৪টি প্রতিষ্ঠানকে স্টল দেওয়া হয়েছে।


ড. সেলিম রেজা বলেন, মেলার কাজ যখন প্রায় ৬০ ভাগ সম্পন্ন, তখন কিছু প্রকাশক ঈদের পর মেলা আয়োজনের জন্য সরকারকে অনুরোধ করেছিলেন। তবে এপ্রিল মাসে তাপপ্রবাহ, ধুলোবালি ও কালবৈশাখীসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার কারণে মাসব্যাপী মেলা আয়োজন বাস্তবসম্মত নয়। প্রকাশকদের অনুরোধ করা হয়েছে, পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হলেও মেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে।


বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের জানান, এবারের মেলা রমজান মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজন করা হবে। মেলার প্রাঙ্গণে তারাবীর নামাজের সুবিধা থাকবে এবং ইফতারের জন্য ফুড স্টলগুলো সাজানো হয়েছে। এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে, যা প্রকাশকদের সঙ্গে আলোচনার মাধ্যমে গ্রহণ করা হয়েছে।