Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন দ্বিতীয়। - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন দ্বিতীয়।

November 26, 2025 02:30:14 PM   দেশেরপত্র ডেস্ক
বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন দ্বিতীয়।

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি মানুষের বাস এই শহরে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন–ডিইএসএ) প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যার দিক থেকে এখন শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে বসবাস করছে প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। আশ্চর্যের বিষয় হলো, ২০১৮ সালের জরিপে শহরটির অবস্থান ছিল ৩০ নম্বরে, তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং নগরায়ণের ফলে জাকার্তা এখন তালিকার শীর্ষে।

ঢাকা ২০১৮ সালের তালিকায় ছিল ৯ নম্বরে। নতুন প্রতিবেদনে জানানো হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা, তখন জনসংখ্যা ছাড়িয়ে যাবে পাঁচ কোটি। রাজধানীকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো, ব্যবসা সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ অভিবাসন এ জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নগর জনসংখ্যার তালিকায় বরাবরের মতোই প্রাধান্য পেয়েছে এশিয়ার শহরগুলো। শীর্ষ ১০ মেগাসিটির ৯টিই এশিয়ায় অবস্থিত। চীনের সাংহাই ও গুয়াংজু যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে—দুই শহরেই জনসংখ্যা প্রায় তিন কোটি। ভারতের নয়াদিল্লি আছে ৪ নম্বরে, জনসংখ্যা তিন কোটিরও বেশি; আর কলকাতা ৯ নম্বরে, যেখানে বসবাস করেন প্রায় দুই কোটি ২৫ লাখ মানুষ।

এদিকে, দীর্ঘদিন বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের শীর্ষস্থানে থাকা জাপানের রাজধানী টোকিও নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে সেখানে বসবাস করছেন ৩ কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায় অবস্থিত। শীর্ষ ১০–এ এশিয়ার বাইরে একমাত্র শহর হলো মিশরের রাজধানী কায়রো।