Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতি, লুট মোবাইল-স্বর্ণ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতি, লুট মোবাইল-স্বর্ণ!

May 09, 2026 12:44:38 PM   অনলাইন ডেস্ক
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতি, লুট মোবাইল-স্বর্ণ!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ডাকাতির শিকার হয়েছেন একটি মাইক্রোবাসের যাত্রীরা। সশস্ত্র ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসদরের মধ্যম মহাদেবপুর এলাকা থেকে আটজন অতিথি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শিবপুর এলাকার একটি ক্লাবে যান। অনুষ্ঠান শেষে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ফেরার পথে একজন যাত্রীকে মীরেরহাট এলাকায় নামিয়ে দেওয়া হয়।

পরে বাকিরা সীতাকুণ্ডের দিকে ফিরছিলেন। এ সময় বারৈয়াঢালা ইউটার্ন ঘুরে নুনাছড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ গাড়িতে কিছু আঘাত করার শব্দ শোনা যায়। যাত্রীরা ধারণা করেন, হয়তো গাড়ি থেকে কিছু পড়ে গেছে। এজন্য গাড়ি থামিয়ে কয়েকজন নেমে পেছনে খোঁজাখুঁজি শুরু করেন।

ঠিক তখনই মহাসড়কের পাশে ওত পেতে থাকা ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ঘিরে ফেলে। ডাকাতদের হাতে রামদা, কিরিচ ও ছুরি ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভয়ভীতি দেখিয়ে যাত্রীদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা এবং কিছু স্বর্ণালংকার লুট করে নেয় তারা।

ভুক্তভোগী জনি বণিক জানান, গাড়ি থামানোর পর পরিস্থিতি বুঝতে পেরে চালকসহ তিনজন দৌড়ে পাশের একটি মসজিদের কাছে আশ্রয় নেন এবং জাতীয় জরুরি সেবায় ফোন করেন। পরে অন্য এক সহযাত্রী গাড়িটি নিয়ে এসে তাদের তুলে নেন।

ঘটনার পর কুমিরা মহাসড়ক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শুক্রবার দুপুরে জনি বণিক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেন।

কুমিরা মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রব্বানী বলেন, বিয়ে বাড়ির গাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। থানা পুলিশ ও মহাসড়ক পুলিশ যৌথভাবে কাজ করছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।