Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ভোররাতে বসতবাড়িতে আগুন, ঘুমন্ত মা-মেয়ে প্রাণ হারালেন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোররাতে বসতবাড়িতে আগুন, ঘুমন্ত মা-মেয়ে প্রাণ হারালেন

February 09, 2026 11:51:50 AM   অনলাইন ডেস্ক
ভোররাতে বসতবাড়িতে আগুন, ঘুমন্ত মা-মেয়ে প্রাণ হারালেন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় মা ও এক বছরের মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন পরিবারের আরেক সদস্য। আগুনে বসতঘর, মুদি দোকান, আসবাবপত্রসহ গবাদিপশুও পুড়ে গেছে।


রোববার ভোর সাড়ে চারটার দিকে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকায় স্থানীয় মোন্তার হোসেনের বসতবাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় আটকা পড়েন পরিবারের সদস্যরা। খবর পেয়ে গুরুদাসপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে মোন্তারের ছেলে রান্টুর স্ত্রী আতিয়া বেগম (২৩) ও তাদের এক বছরের মেয়ে রওজা দগ্ধ হয়ে মারা যান। এ সময় গুরুতর দগ্ধ হন মোন্তার হোসেনের স্ত্রী মর্জিনা বেগম। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আগুনে একটি মুদি দোকানসহ পাঁচটি ঘর, ঘরের আসবাবপত্র এবং দুইটি ছাগল ও দুইটি গরু পুড়ে মারা যায়। ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুজ্জামান জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।