


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রাফিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকের পিতা কে, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সরাইল উপজেলা সদরের সকাল বাজার এলাকার ইশাখাঁ মার্কেটের পাশে ওই সন্তানের জন্ম হয়।
স্থানীয় সমাজকর্মী মো. রফিকুল ইসলাম জানান, গত তিন থেকে চার মাস ধরে রাফিয়া নামের ওই নারীকে ইশাখাঁ মার্কেট এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি নিজের নাম ‘রাফিয়া’ এবং বাড়ি ‘সিলেট’ বলতে পারলেও এর বাইরে আর কোনো তথ্য জানাতে পারেন না।
রফিকুল ইসলাম আরও জানান, মানবিক কারণে প্রায়ই তিনি ওই নারীকে খাবার ও রাতে মশার কয়েল দিতেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে রাফিয়া তীব্র প্রসব যন্ত্রণায় কাতরাতে থাকেন। এ সময় মার্কেটসংলগ্ন এলাকার রিকশাচালক জাহেদ আলী ও তার স্ত্রী তাকে নিজেদের ঘরে নিয়ে যান। পরে স্থানীয় কয়েকজন নারীর সহযোগিতায় দীর্ঘ ৪ থেকে ৫ ঘণ্টার চেষ্টায় তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন।
স্থানীয়রা জানান, মা ও নবজাতক বর্তমানে সুস্থ থাকলেও শিশুটি অনেক ছোট ও দুর্বল। তার দ্রুত চিকিৎসা প্রয়োজন বলে মনে করছেন তারা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই অসহায় ওই নারী ও নবজাতকের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহম্মেদ বলেন, মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান জন্ম দিয়েছেন—এ বিষয়ে তিনি অবগত হয়েছেন। প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে করা হবে বলে জানান তিনি।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সমাজসেবা কর্মকর্তা ও সরাইল সদর হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য মা ও শিশুকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানোর ব্যবস্থাও করা হবে।