Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / স্বামীর কোদালের আঘাতে গৃহবধূ নিহত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামীর কোদালের আঘাতে গৃহবধূ নিহত!

May 08, 2026 12:00:21 PM   অনলাইন ডেস্ক
স্বামীর কোদালের আঘাতে গৃহবধূ নিহত!

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পূর্ব গচ্ছাবিল এলাকায় স্বামীর কোদালের আঘাতে মাহিনূর আক্তার (২৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মাহিনূর আক্তার গোদাতলী এলাকার আবু তাহেরের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মো. আবুল কালাম পূর্ব গচ্ছাবিল এলাকার প্রয়াত নূর আলম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা ঝগড়া ও হাতাহাতিতে রূপ নেয়। এ সময় ধস্তাধস্তির মধ্যে কোদালের আঘাতে মাহিনূরের মাথায় গুরুতর জখম হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বামী আবুল কালাম।

নিহতের স্বামী আবুল কালাম জানান, ধস্তাধস্তির সময় দুজনের হাতেই কোদাল ছিল। একপর্যায়ে কোদালের আঘাত মাহিনূরের মাথায় লাগে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। একই ধরনের বক্তব্য দিয়েছেন আবুল কালামের মা খাদিজা বেগমও।

তবে নিহতের বাবা আবু তাহের এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তার অভিযোগ, মাহিনূরকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং এতে তার স্বামী আবুল কালাম ও শাশুড়ি খাদিজা বেগম জড়িত।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মানিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় নিহতের স্বামী আবুল কালামকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।