


রাজধানীর মতিঝিল আদর্শ ল’ কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১২ এপ্রিল রবিবার কলেজের নিজস্ব ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। কলেজের হলরুমে কেক কেটে এবং বেলুন উড়িয়ে আনন্দ ভাগাভাগি করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট জহিরুল হক শামীম। তিনি তার বক্তব্যে বলেন, গত বছরের ১২ জুলাই এই কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রথম বছরেই এখানে ২৩৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। আমরা সব শিক্ষার্থীকে অনেক যত্নে আইনের সকল বিষয়ে পাঠদান করছি। শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়তে আমরা সবসময় আন্তরিক। প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রভাষক রাবেয়া খাতুন বুবলী বলেন, গত বছরের এই দিনে এই কলেজের জন্ম হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে এই কলেজ শতবর্ষ উদযাপন করবে। এখান থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীরা দক্ষ আইনজীবী হয়ে দেশের কল্যাণে কাজ করবেন। তিনি সচেতন নাগরিক সমাজকে আইন শিক্ষা গ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রভাষক অ্যাডভোকেট মেহেদী হাসান রুবেল এবং পরিচালক আইনুল ইসলাম মিলন প্রমুখ। এ সময় কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।