


চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। এরই মধ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে হজযাত্রীরা রাজধানীর আশকোনায় অবস্থিত হজক্যাম্পে আসতে শুরু করেছেন।
হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি পর্যালোচনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে হজক্যাম্প পরিদর্শনে যান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়াকোবাদ। এ সময় হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং হজক্যাম্পের অবকাঠামো, থাকা-খাওয়া ও অন্যান্য সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি ও সার্বিক অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান।
এ সময় তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডারদের সঙ্গে মতবিনিময় করেন। ধর্মমন্ত্রী বলেন, “হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের সেবাকে খেদমত হিসেবে দেখতে হবে। কোনোভাবেই যেন তারা কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, হজযাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে, নিরাপদে ও নির্বিঘ্নে পবিত্র এ সফরে যেতে পারেন—এ বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শন শেষে গভীর রাত পর্যন্ত হজক্যাম্পে অবস্থান করেন ধর্মমন্ত্রী।