Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাদক কারবারির পক্ষে ছাত্রদল নেতার মানববন্ধন ও প্রেসক্লাবে হামলা, দর্শনায় ক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

মাদক কারবারির পক্ষে ছাত্রদল নেতার মানববন্ধন ও প্রেসক্লাবে হামলা, দর্শনায় ক্ষোভ

April 26, 2026 07:42:11 PM   অনলাইন ডেস্ক
মাদক কারবারির পক্ষে ছাত্রদল নেতার মানববন্ধন ও প্রেসক্লাবে হামলা, দর্শনায় ক্ষোভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে হামলা ও সাংবাদিককে মারধরের ঘটনার পর এবার এক চিহ্নিত মাদক কারবারির পক্ষে মানববন্ধন করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন স্থানীয় এক ছাত্রদল নেতা। দর্শনা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিওনের নেতৃত্বে এসব কর্মকাণ্ড চলায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় লিওন ও তার সহযোগীরা দর্শনা প্রেসক্লাব ভবনের দেয়ালে আপত্তিকর আচরণ করেন। এরপর তারা ভেতরে ঢুকে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এক সাংবাদিককে বেধড়ক মারধর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে। অভিযোগ আছে, লিওন নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করে দলীয় পরিচয় ব্যবহার করে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন।

এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত রোববার রেলবাজার বটতলায় এক মাদক কারবারির পক্ষে মানববন্ধনের আয়োজন করেন লিওন। ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে নির্দোষ দাবি করে তারা উল্টো সাংবাদিকদের বিরুদ্ধেই অভিযোগ তোলার চেষ্টা করেন। স্থানীয় সচেতন মহল এই ঘটনাকে রাজনৈতিক পরিচয়ের চরম অপব্যবহার এবং অপরাধীদের সুরক্ষা দেওয়ার চেষ্টা হিসেবে দেখছেন। তারা বলছেন, প্রকাশ্য দিবালোকে এভাবে মাদক ব্যবসায়ীদের পক্ষ নেওয়া অত্যন্ত বিপজ্জনক এবং এটি সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

সাংবাদিকরা লিওনের এই ধৃষ্টতাপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তাকে ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তাদের মতে, যারা সাংবাদিকদের ওপর হামলা চালায় এবং মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করে, তারা কখনোই সুস্থ রাজনীতির অংশ হতে পারে না।

এ বিষয়ে দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক নাফিউল ইবনে লিমন জানান, তিনি নিজেই এখনো পদের দায়িত্বে আছেন। লিওন যদি নিজেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক দাবি করে থাকে, তবে তা সম্পূর্ণ গঠনতন্ত্রবিরোধী। মাদকের সাথে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই এবং কেউ ব্যক্তিগত অপরাধে জড়িত থাকলে সংগঠন তার দায় নেবে না।

জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মমিন মালিতা জানান, মাদক ব্যবসায়ীদের পক্ষে মানববন্ধন করা দলীয় নীতির পরিপন্থী। সাংবাদিকদের সাথে ঘটে যাওয়া ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান বলেন, পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। সাংবাদিকদের নিরাপত্তা এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সক্রিয় রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।