Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / মোবাইল ফোন না পেয়ে মায়ের সাথে অভিমান, তরুণীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোবাইল ফোন না পেয়ে মায়ের সাথে অভিমান, তরুণীর আত্মহত্যা

May 08, 2026 10:51:25 AM   অনলাইন ডেস্ক
মোবাইল ফোন না পেয়ে মায়ের সাথে অভিমান, তরুণীর আত্মহত্যা

নাটোরের বাগাতিপাড়ায় মোবাইল ফোন কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জিনিয়া সুলতানা জুই (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পরিবার। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সামজানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জিনিয়া সুলতানা জুই ওই গ্রামের মো. জহুরুল ইসলাম ও মোছা. বীনা খাতুনের মেয়ে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে জুই নিজ ঘরে অবস্থান করছিলেন। এ সময় তার মা পাশের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন।

বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির মূল গেটের সিলিংয়ের ওপর রাখা রসুন আনতে গিয়ে মেয়ের ঘরে ঢোকেন তার মা। সেখানে ঘরের কাঠের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মেয়ের মরদেহ দেখতে পান তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মরদেহ নিচে নামান।

খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও পরিবারের ধারণা, মোবাইল ফোন কিনে না দেওয়াকে কেন্দ্র করে মায়ের প্রতি অভিমান থেকেই জুই এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।