Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রাজনীতি নয়, এবার শুধু অভিনয়েই ফিরতে চান দেব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজনীতি নয়, এবার শুধু অভিনয়েই ফিরতে চান দেব

May 06, 2026 06:27:14 PM   বিনোদন ডেস্ক
রাজনীতি নয়, এবার শুধু অভিনয়েই ফিরতে চান দেব

রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকার পর এবার সরে আসার ইঙ্গিত দিয়েছেন টালিউড সুপারস্টার দেব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর রাজনীতিতে গভীরভাবে জড়াতে চান না এবং পুরোপুরি মনোযোগ দিতে চান অভিনয়ে।

২০১৪ সালে তৃণমূল কংগ্রেস-এর হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন দেব। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন এবং পাশাপাশি চলচ্চিত্র জগতেও সক্রিয় ছিলেন।

সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বুধবার সন্ধ্যায় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সরকারকে অভিনন্দন জানান। ফেসবুক পোস্টে তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করতে কাজ করবে।

তিনি আরও লেখেন, বাংলা চলচ্চিত্র শিল্পে যেন কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বিভাজনের সংস্কৃতি না থাকে এবং শিল্পে ঐক্য ও সৃজনশীলতার পরিবেশ বজায় থাকে। তাঁর মতে, চলচ্চিত্রই বাংলার অন্যতম বড় পরিচয় এবং এর বিকাশ সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।

নিজের এলাকা ঘাটালের উন্নয়ন নিয়েও কথা বলেন তিনি। দীর্ঘদিনের প্রত্যাশিত ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে তিনি নতুন সরকারের সহযোগিতা কামনা করেন।

এরপর ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দেব স্পষ্টভাবে জানান, তিনি এখন আর রাজনীতিতে বেশি জড়াতে চান না। তার কথায়, “আগের মতো মন দিয়ে এখন শুধু অভিনয়টাই করতে চাই।”

তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রির উন্নয়নই সবসময় তার লক্ষ্য ছিল এবং ভবিষ্যতেও থাকবেন। চলচ্চিত্র শিল্পে কাজের পরিবেশ আরও ভালো হবে বলে তিনি আশাবাদী।

তবে রাজনৈতিক পরাজয়ের পর তার কিছু বক্তব্য ও ভিডিও নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে রাজনীতি থেকে পুরোপুরি সরে আসার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ চান তিনি শুধুই অভিনয়ে মনোযোগী থাকুন।

বিশ্লেষকদের মতে, জনমত মূলত তার “অভিনেতা পরিচয়”-এর পক্ষে বেশি, রাজনৈতিক ভূমিকার চেয়ে তার অভিনয়জীবনই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়।