


বোরহান উদ্দিন, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে এক হৃদয়বিদারক ঘটনায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই পরিবারের দুইজনের এমন আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা সাত্তার খানের ছেলে মিঠু খান (৫০) সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পেশায় ভ্যানচালক মিঠু খান এলাকায় একজন পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে তাকে পাইককান্দি কবরস্থানে দাফন করা হয়। তবে দাফনের কয়েক ঘণ্টার মধ্যেই আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে।
স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে তার স্ত্রী হেনা বেগম (৪৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকেল ৪টার দিকে তিনিও মৃত্যুবরণ করেন।
মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এ করুণ মৃত্যুতে পুরো পাইককান্দি গ্রাম স্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, মিঠু খান ও হেনা বেগম ছিলেন একে অপরের প্রতি গভীরভাবে নিবেদিত এক দম্পতি।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।