Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাস্তার কাজ বন্ধ: দুই বছর ধরে দুর্ভোগে এলাকাবাসী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাস্তার কাজ বন্ধ: দুই বছর ধরে দুর্ভোগে এলাকাবাসী

January 26, 2023 05:58:08 PM   জেলা প্রতিনিধি
রাস্তার কাজ বন্ধ: দুই বছর ধরে দুর্ভোগে এলাকাবাসী

নরসিংদী সংবাদদাতা:
নরসিংদীর বেলাবোতে রাস্তা খোঁড়াখুঁড়ি ও বালু ফেলার পর দুই বছর ধরে কাজ বন্ধ আছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বাসিন্দাগণ। রাস্তা পাকাকরণের কাজ শুরু হওয়ার পর ঠিকাদার কর্তৃক কাজ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন এলাকার কৃষক, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।

জানা যায়, কৃষি নির্ভর এই এলাকার মানুষ কৃষিপণ্য বাজারজাত করার একমাত্র রাস্তা ইস্ট সাইট পোড়াদিয়া বাজার ব্রীজ থেকে বিন্নাবাইদ আ. হকের বাড়ি বিন্নাবাইদ পাওড়াকান্দা নাদের বাড়ি ও বিন্নাবাইদ ওয়েস্ট পাড়া আ. ওয়াছেক মাস্টারের বাড়ি পর্যন্ত রাস্তার মাটি কাটা হয়। পরে কিছু অংশে বালু ফেলার পর অজানা কারণে কাজ বন্ধ হয়ে যায়।

ওই এলাকার বাসিন্দা জাকির হোসেনসহ অনেকে বলেন, শুকনো সময়ে উক্ত বালুর রাস্তা পেরোতে এবং বৃষ্টির সময় হাটু সমান কাঁদায় কৃষিপণ্য পরিবহনকালে নষ্ট হয়ে যায়। এমনকি অসুস্থ রোগী, সন্তান সম্ভবা নারীর শারীরিক ক্ষতির বাজে অভিজ্ঞতা থাকায় এই রাস্তায় চলাচল এক আতংক এবং ভয়ের কারণ হয়ে উঠেছে।

এদিকে দুর্ভোগে রাস্তা সংস্কারে ঠিকাদারী প্রতিষ্ঠানের চরম অবহেলা ও খামখেয়ালী জনমনে হতাশা এবং ক্ষোভের জন্ম দিয়েছে। যা সরকার এবং এর স্থানীয় দপ্তর সমূহের ভাবমূর্তি নষ্ট করছে বলে মনে করছেন অনেকে। এমতাবস্থায় মানুষের কষ্ট কমিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ ও জনদুর্ভোগ দূরীকরণে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে বিন্নাবাইদ এলাকাবাসী নরসিংদী জেলা এলজিইডির বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। নরসিংদীর জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলতে বলেন। বেলাবো উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, একটি প্যাকেজে দুইটি কাজ হওয়ার কারণে বড় কাজের কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু বিন্নাবাইদের কাজের জন্য ঠিকাদারকে বার বার লিখিত চিঠি পাঠানোর পরও কাজের কোন অগ্রগতি হচ্ছে না বলে জানা তিনি।