


কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত স্কোপোলামিন ছড়িয়ে এক মায়ের কোল থেকে ২৭ দিন বয়সী শিশুকন্যাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ভুক্তভোগী আকলিমা আক্তার (২৮) দেবিদ্বার পৌর এলাকার বিনাইপাড় গ্রামের বাসিন্দা এবং কামাল হোসেনের স্ত্রী। তাদের ২৭ দিন বয়সী শিশুকন্যা আফসা আক্তারকে নিয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, সেখানে বসে থাকা ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি আকলিমাকে বলেন যে হাসপাতালে ভালো ডাক্তার নেই এবং উন্নত চিকিৎসার জন্য তাদের সঙ্গে যেতে হবে।
অভিযোগ করা হয়, কৌশলে মা ও শিশুকে হাসপাতাল এলাকা থেকে বের করে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দিকে নেওয়া হয়। পরে ‘শয়তানের নিঃশ্বাস’ বা স্কোপোলামিন ছড়িয়ে আকলিমাকে অজ্ঞান করে দুর্বৃত্তরা শিশুটিকে অপহরণ করে পালিয়ে যায়। বিকেলের দিকে বুড়িচং উপজেলার ময়নামতি সংলগ্ন সাবের বাজার এলাকায় অচেতন অবস্থায় আকলিমাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।
ওই রাতেই শিশুটির বাবা কামাল হোসেন দেবিদ্বার থানায় অজ্ঞাতনামা ২ থেকে ৩ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এটি অজ্ঞানপার্টির ঘটনা নাকি পরিকল্পিত অপহরণ—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
এই দম্পতির এটি প্রথম সন্তান হলেও দুজনেরই এটি দ্বিতীয় সংসার। আগের সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃত শিশুকন্যা আফসা আক্তারকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত