Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

April 10, 2026 08:40:16 PM   অনলাইন ডেস্ক
সোনাগাজীতে ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ প্রয়োগে ৫ লাখ টাকার মাছ নিধন

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন বাড়িয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে এবং স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত তার বাড়ির পাশে প্রায় ৬ লাখ টাকা ব্যয়ে একটি মৎস্য খামার গড়ে তোলেন। সেখানে তিনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ ঢেলে দিলে খামারের অধিকাংশ মাছ মারা যায়। এতে তার ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রিফাতুল ইসলাম অভিযোগ করেন, গত ৭ এপ্রিল সকালে চাঁদা না পেয়ে এলাকার কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী তার ভাই রাকিব হোসেনকে অপহরণ করে নির্যাতন চালায় এবং হত্যার চেষ্টা করে। ওই ঘটনায় মামলা হলে পুলিশ প্রধান আসামি নুর আলমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। বর্তমানে রাকিব হোসেন ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার ধারণা, আগের ওই বিরোধের জের ধরেই সন্ত্রাসীরা তার খামারে বিষ দিয়েছে। এ ঘটনায় তিনি অজ্ঞাতদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।