


ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রীড়াঙ্গনে তীব্র সমালোচনা ছড়িয়েছে। এই বিতর্কে এবার অংশ নিয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। রবিবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “এক সময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে এবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৯ কোটি ২০ লাখ রুপিতে অধিগ্রহণ করেছিল। তবে ভারতের উগ্র হিন্দুবাদী নেতা ও ধর্মগুরুদের দাবির পর মোস্তাফিজকে ভারতের বিমানবন্দরে নামতে দেওয়া হবে না বলে আভাস দেওয়া হয়। উগ্রপন্থীদের চাপের মুখে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাইট রাইডার্সকে নির্দেশ দেয়, দল থেকে মোস্তাফিজকে বাদ দিতে।
এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে দেশের দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের জন্য দাবি তুলবে।
ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। একদিকে খেলা ও ক্রীড়াবিদদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, অন্যদিকে ক্রীড়াঙ্গনে এ ধরনের রাজনৈতিক ও ধর্মীয় হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।