Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সংসদ নির্বাচন: আজ থেকে শেষ প্রচার-প্রচারণা, শুধু অপেক্ষা ভোটের জন্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সংসদ নির্বাচন: আজ থেকে শেষ প্রচার-প্রচারণা, শুধু অপেক্ষা ভোটের জন্য

February 10, 2026 12:04:43 PM   দেশেরপত্র ডেস্ক
সংসদ নির্বাচন: আজ থেকে শেষ প্রচার-প্রচারণা, শুধু অপেক্ষা ভোটের জন্য

সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে প্রার্থীদের প্রচারণা বন্ধ হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণ বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা শেষ করতে হয়, সেই বিধান অনুসারেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।


নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তিনি বলেন, প্রচারণা শেষ হওয়ার পর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল আচরণ করবেন বলে কমিশন আশা করছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো যাবে না বলেও স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন।


উল্লেখ্য, গত ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছিল, যা ভোটের ৪৮ ঘণ্টা আগে এসে শেষ হলো। ইসির রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫-এর ১৮ ধারায় বলা হয়েছে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে ছাড়া কোনো দল বা প্রার্থী প্রচারণা শুরু করতে পারবেন না এবং ভোটের আগের ৪৮ ঘণ্টা সব ধরনের প্রচার বন্ধ রাখতে হবে। এছাড়া বিধিমালার ১৯ ধারায় উল্লেখ আছে, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনী এলাকায় ব্যবহৃত সব প্রচারসামগ্রী নিজ দায়িত্বে অপসারণ করতে হবে প্রার্থীদের।


আগামী বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, সারা দেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে। এখন সব আনুষ্ঠানিকতা শেষ করে ভোটের দিনের অপেক্ষায় রয়েছে দেশ।