Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / সিংহ যদি একা থাকে, তবুও সে জঙ্গলের রাজা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিংহ যদি একা থাকে, তবুও সে জঙ্গলের রাজা!

May 04, 2026 06:28:28 PM   আন্তর্জাতিক ডেস্ক
সিংহ যদি একা থাকে, তবুও সে জঙ্গলের রাজা!

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দক্ষিণী সিনেমার সাবেক তারকা থালাপতি বিজয় । অভিনয় ছেড়ে রাজনীতিতে নামার মাত্র দুই বছরের মাথায় তার গড়া দল তামিলাগা ভেট্টেরি কাঝাগাম (টিভিকে) প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই এগিয়ে রয়েছে।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভা নির্বাচনে গত ২৩ এপ্রিল ভোটগ্রহণ শেষে সোমবার (৪ মে) সকাল থেকে গণনা শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, টিভিকে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন -এর নেতৃত্বাধীন ডিএমকে দল ৭২টি আসনে এগিয়ে আছে। এমনকি নিজের নির্বাচনী আসনেও পিছিয়ে পড়েছেন স্ট্যালিন, যা নির্বাচনের অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে।

এই জয়ের ধারা চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিজয়ের একটি পুরোনো ভিডিও। সেখানে তিনি জনসমাবেশে বলেন, “জঙ্গলে অনেক প্রাণী থাকলেও সিংহ একাই রাজা হয়”—যা এখন তার রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালে অভিনয় ক্যারিয়ারের শীর্ষ সময়ে রাজনীতিতে নামার ঘোষণা দেন বিজয় এবং নিজের দল গঠন করেন। এরপর থেকেই তামিলনাড়ুর রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ২০২৬ সালের শুরুতে এক সাক্ষাৎকারে জোট প্রসঙ্গে তিনি বলেছিলেন, “আমি জিতব, অন্যের সঙ্গে জোট করে কিংমেকার হতে চাই না।” তার এই আত্মবিশ্বাসই এখন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তবে এখনো চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। শেষ পর্যন্ত এই ধারা বজায় থাকলে তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে এবং নতুন নেতৃত্বের উত্থান ঘটতে পারে।