


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, বাংলাদেশ নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেবে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোন দল ক্ষমতায় আসবে তা ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশ তার কূটনৈতিক অবস্থান ও জাতীয় স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক পরিচালনা করবে।
গঙ্গা পানি চুক্তি ও সীমান্তে পুশইন ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা পানি চুক্তি নবায়ন ও বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ আশাবাদী এবং এ বিষয়ে কূটনৈতিকভাবে কাজ চলছে।
এছাড়া তিনি আরও জানান, ভারতের সঙ্গে ভিসা প্রক্রিয়া শিগগিরই স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। উভয় দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও সহজ করতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে বাংলাদেশ ইতিবাচক ও বাস্তবসম্মত কূটনীতি অনুসরণ করছে।