Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ!

April 20, 2026 07:40:04 PM   অনলাইন ডেস্ক
সহজ জয়ে সমতায় ফিরল বাংলাদেশ!

সিরিজ বাঁচানোর ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করল বাংলাদেশ ক্রিকেট দল। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল স্বাগতিকরা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত ম্যাচে বল ও ব্যাট দুই বিভাগেই দাপট দেখায় বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শুরু থেকেই নাহিদ রানার গতির সামনে বিপাকে পড়ে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ওপেনার নিক কেলি, তবে অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন নাহিদ রানা। তিনি ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নেন ৫ উইকেট, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। সাইফ হাসান ও সৌম্য সরকার দ্রুত ফিরে যান।

তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে তারা গড়েন ১২০ রানের গুরুত্বপূর্ণ জুটি। তামিম খেলেন ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ১০ চার ও ৪ ছক্কা।

শান্ত ৭১ বলে ৫০ রান করে ইনজুরির কারণে মাঠ ছাড়েন। এরপর লিটন দাস দ্রুত ফিরে গেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হাতছাড়া হয়নি।

শেষদিকে অধিনায়ক মিরাজ ও তাওহীদ হৃদয় ম্যাচ শেষ করেন দায়িত্বশীলভাবে। হৃদয় ৩১ বলে ৩০ রানে অপরাজিত থাকেন, আর মিরাজ ২৫ বলে ৮ রানে থেকে জয় নিশ্চিত করেন।