
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম জানিয়েছেন, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। প্রায় ৩৫ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিকূল আবহাওয়া দেখা দিলে প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৮টা।
তিনি আরও জানান, যদি বৃষ্টি বা অন্য কোনো প্রতিকূল আবহাওয়া দেখা দেয়, সে ক্ষেত্রে জামাতের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হতে পারে। তবে আবহাওয়া স্বাভাবিক থাকলে নির্ধারিত সময়েই ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রাখা হয়েছে। গরম আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে ঈদগাহের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যান ও আলোর ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে নামাজ আদায় করতে পারেন।
এ ছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত ওযুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা রাখা হয়েছে। নারীদের জন্য আলাদা প্রবেশপথও নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে পারেন।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এ কারণে এখানে বিশেষ নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা ঢাকার নাগরিকদের জন্য আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, নগরবাসীর মধ্যে যারা প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে চান, তাদের নির্ধারিত সময়ে জাতীয় ঈদগাহে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে ঈদগাহে প্রবেশের সময় সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে হবে এবং নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে—এমন কোনো বস্তু সঙ্গে আনা থেকে বিরত থাকতে হবে।
জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস