


দেশের চারটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (২ মে) আবহাওয়া অধিদফতর-এর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সক্রিয় থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিভিন্ন স্থানে ভারী (৪৪–৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টিপাতের কারণে নগর ও নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, একই সময় দেশের আট বিভাগের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
এ অবস্থায় জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি ঝড়-বৃষ্টি চলাকালীন অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নদী ও উন্মুক্ত এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদফতর।