


শিক্ষক সংকট নিরসনসহ আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার (২০ জুলাই) দুপুরে তারা কলেজের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এই কর্মসূচি শুরু করে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, কলেজটি প্রতিষ্ঠাকাল থেকেই নানা বৈষম্যের শিকার। তীব্র শিক্ষক সংকট এবং ন্যূনতম ল্যাব সুবিধার অভাবসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত তারা।
শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে রয়েছে- স্থায়ীভাবে শিক্ষক সংকট সমাধান, ল্যাব ও ক্লাসরুম আধুনিকায়ন করে পর্যাপ্ত লোকবল নিয়োগ, ক্যাম্পাসের জন্য বাজেট বরাদ্দ বৃদ্ধি, তিন মাসের মধ্যে পরীক্ষার ফলাফল ও মার্কশিট প্রদান, সেমিস্টার ও রি-টেক ফি কমানো, সব শিক্ষার্থীর জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, ছয় মাসের মধ্যে প্রতিটি সেমিস্টার সম্পন্ন করা এবং ফলাফলে ইমপ্রুভমেন্ট সিস্টেম পুনরায় চালু করা।
শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, "দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত আমাদের এই শাটডাউন কর্মসূচি চলবে।"
এ বিষয়ে বরিশাল সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আবদুল কাদের বেপারী বলেন, "শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নেওয়া হবে।" এসময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।