Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / অবতরণের সময় হঠাৎ বিকট শব্দ—মুহূর্তেই ভেঙে পড়ে হেলিকপ্টার, প্রাণে বাঁচেনি কেউই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

অবতরণের সময় হঠাৎ বিকট শব্দ—মুহূর্তেই ভেঙে পড়ে হেলিকপ্টার, প্রাণে বাঁচেনি কেউই

November 10, 2025 06:50:08 PM   আন্তর্জাতিক ডেস্ক
অবতরণের সময় হঠাৎ বিকট শব্দ—মুহূর্তেই ভেঙে পড়ে হেলিকপ্টার, প্রাণে বাঁচেনি কেউই

রাশিয়ার দক্ষিণ দাগেস্তানে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। সামরিক কারখানার কর্মীদের বহনকারী কেএ-২২৬ মডেলের হেলিকপ্টারটি অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। শুক্রবার কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত আচি-সু গ্রামের কাছাকাছি এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি অবতরণের সময় এর লেজ মাটিতে আঘাত করে, ফলে লেজের রটারটি ভেঙে যায়। পাইলট দ্রুত হেলিকপ্টারটি উপরে তোলার চেষ্টা করলেও তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মুহূর্তের মধ্যে এটি ঘুরতে ঘুরতে পাশের একটি আবাসিক ভবনের ওপর গিয়ে আছড়ে পড়ে। এতে হেলিকপ্টারে থাকা চারজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং ভবনের দুজন আহত হন।

ঘটনাস্থলের ফুটেজে পুরো দুর্ঘটনাটি ধরা পড়ে, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিহতদের মধ্যে ছিলেন আচালো মাগোমেদভ—কিজলিয়ার ইলেক্ট্রোমেকানিক্যাল প্ল্যান্টের নির্মাণ ও পরিবহন সহায়তা বিষয়ক উপ-মহাপরিচালক। এছাড়া হেলিকপ্টারে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী, প্রধান ডিজাইনার এবং আরেকজন কর্মকর্তা।

জানা গেছে, এই সামরিক কারখানায় রুশ সেনাবাহিনীর ব্যবহৃত বিভিন্ন বিমান যন্ত্রাংশ তৈরি করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।