Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল তারা ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল তারা !

April 06, 2026 02:38:22 PM   স্টাফ রিপোর্টার
অবশেষে নিজেদের ভুল বুঝতে পারল তারা !

হেযবুত তওহীদের ব্যাপারে ভুল বুঝে ঢাকার আশুলিয়ায়  সংগঠনের সদস্যদের কার্যক্রম বন্ধ করতে প্রাণনাশের হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করে একদল যুবক। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের হস্তক্ষেপে নিজেদের ভুল স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মর্মে মুচলেকা দিয়েছে অভিযুক্তরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ছয়তলা করিমনগর এলাকার ‘অপারাজিতা বিল্ডিং’-এর পাশে এই ঘটনা ঘটে। হেযবুত তওহীদের ইয়ারপুর ইউনিয়নের সভাপতি মোঃ লিয়ন ইসলামসহ হেযবুত তওহীদের সদস্যরা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার সময় স্থানীয় মোঃ নাইম (২৮) ও বিল্ডিংয়ের ম্যানেজার মোঃ সুমনের নেতৃত্বে ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ওপর চড়াও হয়। তারা হেযবুত তওহীদকে অবৈধ আখ্যা দিয়ে এলাকায় কোনো কার্যক্রম চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দেয়। এসময় লিয়ন ইসলাম সংগঠনটি আইনত অনুমোদিত বলে প্রতিবাদ করলে নাইম তাকে ও তার সদস্যদের খুন করে লাশ গুম করার হুমকি প্রদান করেন। এছাড়া দোকান ও কার্যালয় ভাঙচুর এবং শারীরিক লাঞ্ছনার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সংবাদকর্মীদের হাতে আসা ঘটনার একটি অডিও রেকর্ডে অভিযুক্ত মোঃ নাইমকে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বলতে শোনা যায়, “আগামীকাল সুবহে সাদেকের (ভোর) পর থেকে আপনার পরিণতি খুবই ভয়ংকর হবে। যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি সবার সামনে বলে গেলাম।” এছাড়া ভিডিওতে দেখা যায়, কিছু লোক ধর্মীয় মতাদর্শ নিয়ে উত্তেজিত হয়ে তর্কে লিপ্ত হন এবং হেযবুত তওহীদের কার্যক্রমকে ভুল ও বিকৃত দাবি করে এলাকায় তা নিষিদ্ধ করার ঘোষণা দেন।

এদিকে এই ঘটনার পর নিজের ও সংগঠনের সদস্যদের নিরাপত্তা চেয়ে ৪ এপ্রিল আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন মোঃ লিয়ন ইসলাম। অভিযোগের প্রেক্ষিতে আশুলিয়া থানা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। পরবর্তীতে ৫ এপ্রিল পুলিশের উপস্থিতিতে বিবাদী পক্ষ এমন কর্মকাণ্ড করবে না বলে মুচলেকা প্রদান করে। তারা ঘটনাটি ভুল ছিল বলে স্বীকার করে। এরপর একটি লিখিত মুচলেকায় তারা ভবিষ্যতে হেযবুত তওহীদ সদস্যদের কোনো প্রকার বাধা প্রদান বা হামলা করবে না বলে মুচলেকা প্রদান করে। যদি পুনরায় এমন ঘটনা ঘটে, তবে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

ভুক্তভোগী হেযবুত তওহীদের ইউনিয়ন সভাপতি মোঃ লিয়ন ইসলাম বলেন, “গত ৩ এপ্রিল রাতে আমরা আমাদের সংগঠনের নিয়মিত কার্যক্রম নিয়ে আলোচনা করছিলাম। হঠাৎ কোনো উস্কানি ছাড়াই নাইম ও সুমনের নেতৃত্বে একদল লোক এসে আমাদের গালিগালাজ শুরু করে। তারা আমাদের আইনসম্মত সংগঠনটিকে অবৈধ বলে প্রচার করে এবং হুমকি দেয় যে, যদি আমরা কার্যক্রম বন্ধ না করি তবে আমাদের খুন করে লাশ গুম করে ফেলা হবে।”

এ বিষয়ে হেযবুত তওহীদের ঢাকা জেলা আমির মো. ওয়ালি উল্লাহ বলেন, “হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন। মানবতার কল্যাণ ও তওহীদের প্রকৃত বাণী নিয়ে আমরা সুদীর্ঘ ৩১ বছর যাবত কাজ করে যাচ্ছি। আমাদের এই দীর্ঘ ইতিহাসে একটিও আইনভঙ্গের রেকর্ড নেই। আমরা সবসময়ই দেশের আইন ও প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, একটি স্বার্থান্বেষী উগ্রবাদী গোষ্ঠী সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আমাদের ওপর বারবার হামলা ও বাধার সৃষ্টি করছে। তারা ধর্মকে ব্যবহার করে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করতে চায়। আমরা চাই প্রশাসন এ বিষয়ে সজাগ থাকুক যেন উগ্রবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে নিয়ে বসা হয়েছিল। অভিযুক্তরা ভুল স্বীকার করে মুচলেকা দেওয়ায় বিষয়টি সমাধান হয়েছে।