Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল দুই বিশাল কাতলা, নিলামে বিক্রি ৯১ হাজার ৫০০ টাকায় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল দুই বিশাল কাতলা, নিলামে বিক্রি ৯১ হাজার ৫০০ টাকায়

April 17, 2026 12:17:50 PM   অনলাইন ডেস্ক
পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়ল দুই বিশাল কাতলা, নিলামে বিক্রি ৯১ হাজার ৫০০ টাকায়

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে বিরল আকৃতির দুই বিশাল কাতলা মাছ। একটির ওজন প্রায় সাড়ে ২৮ কেজি এবং অন্যটি ১৮ কেজি। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি বিক্রি হয়েছে মোট ৯১ হাজার ৫০০ টাকায়। বিশাল আকৃতির এই মাছ দেখতে বাজারে ভিড় জমায় উৎসুক জনতা।

পদ্মা ও যমুনা নদীর সংযোগস্থলে জেলেদের জালে ধরা পড়া এই দুই কাতলা মাছ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডল ও আনু খাঁ’র আড়তে মাছ দুটি আনা হয়। সেখানেই ওজন করে দেখা যায়, একটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ওজন ১৮ কেজি।

জেলেরা জানান, এর আগে রাতে দৌলতদিয়ার পদ্মা-যমুনার মোহনায় তারা জাল ফেলেন। ভোরের দিকে জাল তুলতেই একে একে দুটি বিশাল কাতলা মাছ ধরা পড়ে। মাছ দুটি পরে বাজারে আনা হলে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে ২৮ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতলাটি প্রতি কেজি ২ হাজার ২০০ টাকা দরে মোট ৬২ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়। অন্যদিকে ১৮ কেজি ওজনের কাতলাটি প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়। মোট বিক্রিমূল্য দাঁড়ায় ৯১ হাজার ৫০০ টাকা।

নিলামে মাছ দুটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট এলাকার ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি জানান, মাছ দুটি উন্মুক্ত নিলামের মাধ্যমে কেনা হয়েছে এবং বর্তমানে সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে বিক্রির চেষ্টা চলছে। বড় কিছু ক্রেতার সঙ্গে আলোচনা চলছে বলেও তিনি জানান।

মাছ দুটি একনজর দেখতে সকাল থেকেই বাজারে ভিড় করেন স্থানীয়রা। বিরল এই আকৃতির কাতলা মাছকে ঘিরে দৌলতদিয়া মাছ বাজারে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।