


জয়পুরহাটের আক্কেলপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে জনজীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। বুধবার দুপুর সোয়া একটার দিকে হঠাৎ শুরু হওয়া এই ঝড় প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, ভেঙে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থা এবং বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঝড়ের কবলে পড়ে আক্কেলপুর থেকে সান্তাহার সড়কের শান্তা এলাকায় একটি বিশাল পুরোনো কড়ই গাছ উপড়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে ওই সড়কে প্রায় আট ঘণ্টা সব ধরণ এর যান চলাচল বন্ধ থাকে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বিদ্যুৎ পরিস্থিতির বিষয়ে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুর রহমান জানান, ঝড়ের তাণ্ডবে অন্তত ১৮টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং আরও বেশ কিছু খুঁটি হেলে পড়েছে। পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে তাদের কর্মীদের কাজ চলছে এবং বিদ্যুৎ ফিরতে অন্তত দুই দিন সময় লাগতে পারে।
মাঠের ফসলের ওপরও ঝড়ের বড় প্রভাব পড়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, দমকা হাওয়া ও শিলাবৃষ্টির কারণে পাকা ও আধাপাকা বোরো ধান মাটিতে লুটিয়ে পড়েছে। অনেক জায়গায় ধানের শীষ ভেঙে যাওয়ায় তারা বড় ধরণ এর আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, শিলাবৃষ্টিতে ভিকনী মাঠ এলাকার বোরো ধানের সবথেকে বেশি ক্ষতি হয়েছে। ধানের শীষ ক্ষতিগ্রস্ত হওয়ায় ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ করছি।
ঝড় থামার পর ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে সড়ক থেকে গাছ সরানোর কাজ শুরু করেন। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ থেকে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে যাতে তারা দ্রুত পাকা ধান কেটে নিরাপদে ঘরে তুলে ফেলেন। বর্তমানে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর তথ্য সংগ্রহের কাজ চলছে।