Date: May 07, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভের মুখে এমপি আমির হামজা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

May 07, 2026 03:59:48 PM   অনলাইন ডেস্ক
কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

কুষ্টিয়া সরকারি কলেজে আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করতে গিয়ে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা মুফতি আমির হামজা। ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এমপি আমির হামজা ক্যাম্পাস ত্যাগ করেন। তবে তাকে “অবরুদ্ধ” করে রাখার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত আন্তঃবিভাগ মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মুফতি আমির হামজা। অনুষ্ঠান শুরুর কিছু সময় পর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে একদল শিক্ষার্থী মঞ্চের সামনে জড়ো হয়ে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে অনুষ্ঠানস্থলে হঠাৎ করেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

কলেজ সূত্র জানায়, পরে উদ্বোধনী কার্যক্রমের অংশ হিসেবে মাঠে প্রবেশ করলে বিক্ষোভকারী শিক্ষার্থীরা সেখানে গিয়েও তাকে ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী মাঠের মধ্যেই বসে পড়েন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ মুফতি আমির হামজাকে নিয়ে নিজের কার্যালয়ে চলে যান।

তবে সেখানেও উত্তেজনা থামেনি। শিক্ষার্থীদের একটি অংশ অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে আবারও স্লোগান দিতে থাকে। এ সময় ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

পরে পুলিশের উপস্থিতিতে অধ্যক্ষের কার্যালয় থেকে বের হয়ে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন সংসদ সদস্য আমির হামজা। এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনা তৈরি করে। আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, কলেজ পরিদর্শনে গিয়ে তাকে ছাত্রদলের নেতাকর্মীরা “অবরুদ্ধ” করে রাখে।

তবে এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ প্রশাসন। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে তিনি পুলিশ সদস্যদের নিয়ে কলেজে যান এবং অধ্যক্ষের কার্যালয়ে আমির হামজাকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেন। তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ সঠিক নয় বলেও জানান তিনি।

ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েছে। কলেজ ক্যাম্পাসে এমন পরিস্থিতি কেন তৈরি হলো এবং কারা এর পেছনে ছিল—তা নিয়েও চলছে নানা প্রশ্ন ও বিশ্লেষণ।