


কক্সবাজার সমুদ্রসৈকতের আকাশে শুক্রবার সন্ধ্যায় রহস্যময় এক আলোর ঝলকানি দেখা গেছে। মিসাইল সদৃশ উজ্জ্বল ওই আলোকপিণ্ডটি দ্রুতগতিতে বঙ্গোপসাগরের ওপর দিয়ে দক্ষিণ দিকে ছুটে যেতে দেখে পর্যটক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে সৈকতের লাবণী পয়েন্টসহ বিভিন্ন এলাকা থেকে আকাশে অস্বাভাবিক এক আলোকচ্ছটা দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশের এক কোণে বিদ্যুতের রেখার মতো উজ্জ্বল আলো স্থির হয়ে আছে। তার কিছু দূরে মিসাইল আকৃতির একটি জ্বলন্ত বস্তু দ্রুতগতিতে পূর্ব-দক্ষিণ দিকে ছুটে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই সেটি দৃষ্টিসীমার বাইরে চলে যায়।
সৈকতে অবস্থান করা পর্যটকরা মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন। পরে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা ও জল্পনা-কল্পনা। শহরের বিভিন্ন ভবনের ছাদ থেকেও অনেকে এ দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ এম আবদুল হান্নান বলেন, ঘটনাটি দেখার পর ভিডিও ও স্থিরচিত্র ঢাকায় আবহাওয়া বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি কোনো আবহাওয়াজনিত ঘটনা নয়।
অন্যদিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ওয়াহিদুর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিও বিষয়টি দেখেছেন। তবে এটি কী ছিল, কোথা থেকে এসেছে বা কারা উৎক্ষেপণ করেছে— সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও দেখা দিয়েছে। অনেকেই রহস্যময় ওই আলোকপিণ্ডের প্রকৃত পরিচয় জানতে আগ্রহ প্রকাশ করেছেন।