Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / আমি আবার মরেছি কবে?-মৃত দেখানো মালেকা বেগমের প্রশ্ন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমি আবার মরেছি কবে?-মৃত দেখানো মালেকা বেগমের প্রশ্ন

February 05, 2026 02:21:24 PM   অনলাইন ডেস্ক
আমি আবার মরেছি কবে?-মৃত দেখানো মালেকা বেগমের প্রশ্ন

নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা গ্রামের ৭০ বছর বয়সী বিধবা মালেকা বেগম হঠাৎ করেই জানতে পারলেন, সরকারি নথিতে তিনি মৃত হিসেবে অন্তর্ভুক্ত। দীর্ঘদিন ধরে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিধবা ভাতা পাচ্ছিলেন তিনি। তবে গত ছয় মাস ধরে তার মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ভাতার টাকা জমা হয়নি।


গত মঙ্গলবার এই বিষয়ে জানতে চেয়ে মালেকা বেগম উপজেলা সমাজসেবা কার্যালয়ে গেলে তিনি আরও অবাক হয়েছেন। সেখানে জানা যায়, তার নামে ভাতার টাকা বন্ধ হয়ে গেছে এবং সরকারি নথিতে তার স্থলে অন্য একজনকে ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঘটনাটি শুনে তিনি প্রশ্ন করেন, “আমি আবার মরলাম কবে?”


মালেকা বেগম জানান, তিনি প্রতি তিন মাসে একবার ভাতার টাকা নিতেন, যা স্থানীয় দোকান থেকে তুলে জীবিকার জন্য ব্যবহার করতেন। বর্তমানে ভাতা বন্ধ থাকায় তার দিনযাপন কঠিন হয়ে পড়েছে। সমাজসেবা কার্যালয় থেকে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও তিনি নিশ্চিত নন, এবং প্রশ্ন তুলেছেন, জীবিত থাকা সত্ত্বেও কে বা কারা তাকে মৃত দেখিয়ে এমন ক্ষতি করেছে।


সমাজসেবা কার্যালয়ের একটি সূত্র জানান, ভাতাভোগী কোনো ব্যক্তি মারা গেলে ইউপি সদস্যের প্রত্যয়নপত্রের ভিত্তিতে অপেক্ষমান তালিকা থেকে অন্যকে ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মালেকা বেগমের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সূত্রটি জানায়, স্থানীয় ইউপি সদস্য মো. রুহুল আমীন মালেকা বেগমের মৃত্যু সনদসহ একটি প্রত্যয়নপত্র জমা দেন, যার ভিত্তিতে একই গ্রামের ৭০ বছর বয়সী মো. আবদুল হাইকে ভাতাভোগী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে ঘটনার যথাযথ তদন্ত না হওয়ায় অভিযোগ রয়েছে।


ইউপি সদস্য রুহুল আমীন বলেন, “ঘটনাটি ভুলবশত হয়েছে। বিষয়টি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।” নান্দাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুল ইসলাম আকন্দও নিশ্চিত করেছেন, মালেকা বেগম যাতে দ্রুত পুনরায় ভাতার টাকা পান, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।