Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর!

May 04, 2026 04:30:59 PM   আন্তর্জাতিক ডেস্ক
আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর!

পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বহিষ্কৃত তৃণমূল নেতা হুমায়ুন কবীর। এবারের বিধানসভা নির্বাচনে নিজের গড়া দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ থেকে লড়াই করে তিনি মুর্শিদাবাদের রেজিনগর ও নওদা—এই দুই আসনেই এগিয়ে রয়েছেন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।

ভোট গণনায় এগিয়ে থাকার পর সংবাদমাধ্যমের সামনে এসে নিজের সাবেক দল তৃণমূল কংগ্রেস এবং দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি।

হুমায়ুন কবীর অভিযোগ করেন, গত দেড় দশকে তৃণমূল সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ লুট করেছে। তিনি আরও দাবি করেন, দলের ভেতরে একক আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে এবং বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার কারণে দল দুর্বল হয়ে পড়েছে।

নিজের জয়ের বিষয়ে শতভাগ আত্মবিশ্বাসী এই নেতা বলেন, তিনি দুটি আসনেই বিজয়ী হবেন এবং খুব দ্রুতই আনুষ্ঠানিক ফলাফল হাতে পাবেন বলে আশা করছেন। 

পেছনের প্রেক্ষাপট:

রাজনৈতিক এই উত্থানের পেছনে রয়েছে একাধিক বিতর্ক। গত বছর মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন হুমায়ুন কবীর। সেই ঘটনার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে তিনি নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেন এবং নির্বাচনে অংশ নেন। বর্তমান ফলাফলের ধারা অব্যাহত থাকলে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।