Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ৮ দিনেও খোঁজ মেলেনি কলাবাগান থানার এসআই রাকিবুলের, গ্রামের বাড়িতে আহাজারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

৮ দিনেও খোঁজ মেলেনি কলাবাগান থানার এসআই রাকিবুলের, গ্রামের বাড়িতে আহাজারি

May 04, 2026 07:09:31 PM   অনলাইন ডেস্ক
৮ দিনেও খোঁজ মেলেনি কলাবাগান থানার এসআই রাকিবুলের, গ্রামের বাড়িতে আহাজারি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
রাজধানীর কলাবাগান থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার শুভ (৩২) নিখোঁজ হওয়ার ৮ দিন পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ সময়েও তার খোঁজ না মেলায় গাজীপুরের শ্রীপুরে তার গ্রামের বাড়িতে পরিবারের সদস্যদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। ভাইকে ফিরে পেতে বোনের আহাজারি আর স্বামীর পথ চেয়ে দিন কাটছে অন্তঃসত্ত্বা স্ত্রীর। অন্যদিকে অসুস্থ বাবার কাছে ছেলের নিখোঁজের বিষয়টি আড়ালে রাখা হয়েছে।

রাকিবুল হাসান শুভ শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বাপতা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। চলতি বছরের ২ জানুয়ারি পারিবারিকভাবে তার বিয়ে হয়। তার স্ত্রী সামিয়া বর্তমানে অন্তঃসত্ত্বা। গত ২৪ মার্চ তিনি কিশোরগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে বদলি হয়ে ঢাকার কলাবাগান থানায় যোগদান করেন। নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর কাজের চাপে তিনি আর বাড়ি যেতে পারেননি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল সকাল ১০টার দিকে শেষবার স্ত্রীর সাথে শুভর কথা হয়। সে সময় তিনি তার অসুস্থ বাবার জন্য দোয়া চান এবং স্ত্রীকে নিজের যত্ন নিতে বলেন। ওইদিন বিকেল ৩টার দিকে সামিয়া তার স্বামীর হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও কোনো উত্তর পাননি। রাত ১০টার দিকে ফোন করলে শুভর নম্বরটি বন্ধ পাওয়া যায়। রাত সাড়ে ১১টার দিকে কলাবাগান থানা থেকে শুভর বাবার নাম্বারে ফোন করে জানানো হয় যে শুভ ডিউটিতে যাননি। এরপর থেকেই তার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে।

শুভর বড় বোন আফরোজা সরকার মেরি জানান, তার ভাই ২০২২ সালে এসআই পদে পুলিশে যোগ দেন। তাদের বাবা লিভার সিরোসিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। বাবার শারীরিক অবস্থার কথা চিন্তা করে ভাইয়ের নিখোঁজ হওয়ার সংবাদটি তার কাছে গোপন রাখা হয়েছে। মেরি আরও জানান, শুভর সাথে তার স্ত্রীর সম্পর্ক খুব মধুর ছিল এবং তাদের মধ্যে কোনো ধরণের ভুল বোঝাবুঝি ছিল না। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু সংবাদে শুভকে নিয়ে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের তীব্র প্রতিবাদ জানান এবং ভাইকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গত ২৭ এপ্রিল বিকেলে নাইট ডিউটির কথা বলে ব্যারাক থেকে সাদা পোশাকে বের হন শুভ। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে ২৯ এপ্রিল গুলিস্তান এলাকায় একটি ব্যাংকের বুথ থেকে তিনি ৫ হাজার টাকা উত্তোলন করেছেন। শুভ তার সহকর্মীদের কাছে মাঝেমধ্যে বলতেন যে কিশোরগঞ্জে পিবিআইতে তিনি ভালো ছিলেন কিন্তু ঢাকায় যোগদানের পর অতিরিক্ত কর্মব্যস্ততায় তার কিছুটা অস্থির লাগছে। পুলিশ তার সন্ধানে সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু জানান, তিনি নিখোঁজ এসআই শুভর বাবার সাথে কথা বলেছেন। পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে দ্রুত শুভর সন্ধান নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন। তার সন্ধান না পাওয়া পর্যন্ত পুলিশি তৎপরতা অব্যাহত রাখার বিষয়ে তিনি জোর দেন।