Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমে গেল ১৩.৫ ডিগ্রিতে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমে গেল ১৩.৫ ডিগ্রিতে

November 28, 2025 10:22:48 AM   অনলাইন ডেস্ক
উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমে গেল ১৩.৫ ডিগ্রিতে

দেশের উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে টানা কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে, বেড়েই চলেছে শীতের দাপট। গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ ও ঠান্ডা বাতাস মিলিয়ে জেলার মানুষের মধ্যে তীব্র শীতের অনুভূতি তৈরি হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যেখানে বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। এর আগে গত কয়েকদিনেও তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে। গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২, বুধবার ১২ দশমিক ৯ এবং মঙ্গলবার ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দিনে রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সূর্যাস্তের পরই পরিস্থিতি আমূল বদলে যায়। সন্ধ্যার পরপরই বইতে শুরু করা হিমেল হাওয়া শীতের প্রভাব বাড়িয়ে দেয়। অনেকেই জানান, সন্ধ্যার পর বাইরে বের হতে হলে শীতবস্ত্র না নিলে কষ্টকর হয়ে ওঠে। রাতে শীত এতটাই বাড়ে যে কম্বল ছাড়া ঘুমানোই প্রায় অসম্ভব হয়ে পড়ে।

স্থানীয় অটোরিকশাচালক রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে রাস্তায় যাত্রী কমে যায়। ঠান্ডা বাতাসে হাত-পা জমে আসে, চাদর ছাড়া অটো চালিয়ে যাওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। অন্যদিকে স্থানীয় স্কুলশিক্ষক নাসিমা আক্তার জানান, ভোরের দিকে ঠান্ডা কিছুটা বেশি থাকে। স্কুলে পরীক্ষার সময় শিক্ষার্থীরা বেশিরভাগই সোয়েটার পরে আসে, যদিও কুয়াশা না থাকায় চলাচলে বড় কোনো সমস্যা হচ্ছে না।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে এবং সকালে সূর্য ওঠার পর তা দ্রুত বেড়ে যায়। এ সপ্তাহের শেষে হালকা শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

এদিকে শীতার্ত মানুষের সাহায্যে প্রশাসনও তৎপর। পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সাইমুজ্জামান জানান, অসহায় মানুষের জন্য সরকারিভাবে ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং উপজেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোও সহযোগিতা করছে।

শীতের তীব্রতা ক্রমেই বাড়তে থাকায় পঞ্চগড়বাসী ইতোমধ্যে পুরোপুরি শীতমোডে ঢুকে গেছে—দিনে রোদ থাকলেও রাতের শীত যেন আগাম জানিয়ে দিচ্ছে মৌসুমের আরও কঠোর রূপের বার্তা।