Date: April 28, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বাংলাদেশ / উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, তিন জেলায় আগাম সতর্কতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, তিন জেলায় আগাম সতর্কতা

April 28, 2026 03:33:21 PM   অনলাইন ডেস্ক
উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, তিন জেলায় আগাম সতর্কতা

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও নতুন করে বাড়তে শুরু করেছে ভোগাই ও কংস নদীর পানি। পাশাপাশি ধনু-বাউলাই নদী অববাহিকাতেও পানির প্রবাহে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে এসব নদীর পানি প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আশঙ্কা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল এবং উজান এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস বলছে, আগামী তিন দিনেও এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদ-নদীর পানি দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীগুলোর পানি আগামী তিন দিনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, তৃতীয় দিনের দিকে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলো বন্যার ঝুঁকিতে পড়তে পারে।

অন্যদিকে ধনু-বাউলাই এবং ভোগাই-কংস নদী অববাহিকায়ও পানির চাপ বাড়তে পারে। এর প্রভাবে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নদীগুলো তৃতীয় দিনের দিকে সতর্কসীমা ছুঁতে পারে, যা স্থানীয়ভাবে প্লাবনের ঝুঁকি বাড়াবে।

পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে আগাম সতর্কতা জারি করেছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে হাওর অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, কৃষিজ পণ্য সুরক্ষায় রাখা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।