


পঞ্চগড়ে এক কলেজছাত্রীকে ঘুরতে যাওয়ার প্রস্তাব এবং আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে আবু হোসেন (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না পঞ্চগড় সরকারি মহিলা কলেজের একটি কক্ষে সামারি ট্রায়ালের মাধ্যমে এ রায় ঘোষণা করেন। আদালতে অভিযুক্তকে হাজির করার পর বাদীর অভিযোগ, আসামির স্বীকারোক্তি এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আবু হোসেন পঞ্চগড় সদর ইউনিয়নের ডুডুমারি এলাকার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রীর সহকারী।
মামলার তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে ওই কলেজছাত্রী প্রাইভেট শেষ করে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ-এর পেছনের একটি সরু গলি দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আবু হোসেন তার পথরোধ করে টাকার বিনিময়ে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করেন।
এ ঘটনায় ছাত্রীটি চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে উত্তমমাধ্যম দেয় এবং পরে পুলিশে সোপর্দ করে। বিকেলে কলেজ কক্ষেই অস্থায়ী আদালতে হাজির করা হলে তাৎক্ষণিক বিচার শেষে তাকে দণ্ড দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এই রায় একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। এ ধরনের অপরাধ করলে কঠোর শাস্তি ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।